Views Bangladesh Logo

সাদাপাথরে নিখোঁজ পর্যটকের মরদেহ মিলল ১৮ ঘণ্টা পর

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ পর্যটক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় এক মাঝির দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যটনকেন্দ্র–সংলগ্ন ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সুব্রত সাহা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। বৃহস্পতিবার চার বন্ধু মিলে ঢাকা থেকে সাদাপাথর দেখতে গিয়েছিলেন তিনি। বেলা আড়াইটার দিকে পর্যটন এলাকায় চার বন্ধু একসঙ্গে গোসলে নামলে স্রোতের টানে তলিয়ে যান সুব্রত।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সমন্বয়ে শুরু হয় উদ্ধার অভিযান। তবে কয়েক ঘণ্টা চেষ্টার পরও তার সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর শুক্রবার সকালে রুবেল মিয়া নামের এক মাঝি ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের কাছে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎ জ্যোতি জানান, রোপওয়ে বাঙ্কারের ৩ নম্বর পিলারের কাছ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সতর্ক করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। তিনি বলেন, বারবার সতর্ক করা হলেও অনেকে অতি উৎসাহী হয়ে লাইফ জ্যাকেট না পরেই পানিতে নেমে পড়েন। এতেই ঘটছে দুর্ঘটনা। নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেট পরে পানিতে নামতে পর্যটকদের প্রতি অনুরোধ জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ