নিকলী হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদী থেকে শফিকুল ইসলাম তুলু (২৮)-এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে কাঁঠালিয়া এলাকায় হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হন শফিকুল ইসলাম। এরপর থেকেই তাকে উদ্ধারে অভিযান শুরু হয়।
নিকলী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আহসান হাবীব জানান, রোববার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াউত্রা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শুক্রবার গাজীপুরের কাপাসিয়া থেকে ২০ থেকে ২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। কাঁঠালিয়া এলাকায় তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে শফিকুল ইসলামসহ তিনজন পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে শফিকুল পানিতে তলিয়ে যান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
মতামত দিন