বান্দরবানের আলীকদমে নদীতে ভেসে আসা পর্যটকের পরিচয় শনাক্ত
বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরী নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করেছে আলীকদম থানা পুলিশ। লাশটি পর্যটক শেখ জুবাইরুল ইসলামের। বৃহস্পতিবার (১২ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ বাজার পাড়ার কানাইমাঝির ঘাট এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়। লাশটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রাম থেকে বেড়াতে আসা পর্যটকের। নিহতের নাম শেখ জুবাইরুল ইসলামের। তার পিতার নাম শেখ হিদায়েতুল ইসলাম এবং মাতার নাম মোছাঃ কামরুন্নাহার।
পুলিশ জানায়, এ ঘটনার কয়েকদিন আগে ২০ জনের একটি পর্যটক টিমের সঙ্গে দুইজন গাইডের মাধ্যমে তৈনখালের আগায় কিস্টোল পাহাড়ের চূড়ার দিকে ভ্রমণে গিয়েছিলেন জুবাইরুল ইসলাম।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, ফরেস্ট ঘাট এলাকা থেকে বেওয়ারিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে পরিচয় শনাক্ত করে দেখা গেছে যে, লাশটি পর্যটক শেখ জুবাইরুল ইসলামের। তার বাড়ি নড়াইলে।
তিনি আরও জানান, ওই গ্রুপের অন্যদের এখনো খোঁজ পাওয়া যায়নি। দূর্গম নেটওয়ার্ক ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় তাদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে