Views Bangladesh Logo

শনিবার কক্সবাজারে ডজনেরও বেশি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন কেন্দ্র কক্সবাজার। আজ শনিবার (১১ নভেম্বর) পর্যটন নগরীতে এক ডজনেরও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করবেন। এছাড়াও তিনি উদ্বোধন করবেন ১২০০ মেগাওয়াট মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র এবং গভীর সমুদ্রবন্দরের চ্যানেল।
আর এর মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে রেলপথে যুক্ত হবে কক্সবাজার, তথা যুক্ত হবে ঢাকাসহ সারাদেশের সঙ্গে। রেলপথটি বাংলাদেশকে মিয়ানমার, চীনসহ ট্রান্স এশিয়ান রেলওয়ের করিডোরে যুক্ত করবে। ২০৪৫ সালের মধ্যে দেশের ৬০টি জেলায় রেল নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্য আছে বাংলাদেশে রেলওয়ের।
এছাড়াও আজ প্রধানমন্ত্রীর উদ্বোধনকৃত প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ১২০০ মেগাওয়াট মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র এবং গভীর সমুদ্রবন্দরের চ্যানেল। দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী রামু সেনানিবাসে যাবেন। সেখান থেকে তিনি দুপুর আড়াইটায় চ্যানেলটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চ্যানেলের দিকে যাবেন।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের মহেশখালী উপজেলা শাখার আয়োজনে বিকেল ৩.১৫ মিনিটে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপ মাঠে জনসভায় যোগ দেবেন।
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, কক্সবাজার জেলার মানুষ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার ও গতকাল কক্সবাজার রেলওয়ে নির্মাণ প্রকল্প ও আইকনিক স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারে রেল যোগাযোগ চালুর জন্য সারাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। এই নবনির্মিত রেল সংযোগ পর্যটন শিল্পে নাটকীয় পরিবর্তন আনবে এবং শিল্পায়নের সাথে সংযোগ স্থাপন করবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ