Views Bangladesh Logo

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে আলী আকবর খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাওরের ওয়াচ টাওয়ার এলাকার কাছে এ ঘটনা ঘটে।

নিহত আলী আকবর খান সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি গ্রামের মৃত আহমেদ আলী খানের ছেলে। তিনি ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির ব্লক-বি-১ এলাকায় বসবাস করতেন।

নিহতের জামাতা খায়রুল হাসান জানান, শুক্রবার সকালে নেত্রকোনার মদন এলাকা হয়ে আলী আকবর খান, তার স্ত্রীসহ ঢাকার ৩২ জন পর্যটক টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যান। বিকেলে ওয়াচ টাওয়ারের কাছে হাওরে গোসল করার সময় একটি কড়ইগাছ ধরে পানিতে ছিলেন আলী আকবর। একপর্যায়ে গাছের সঙ্গে তাঁর হাতের মুঠো ছেড়ে গেলে তিনি পানিতে ডুবে যেতে থাকেন। এ সময় আতঙ্কিত হয়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন বলে জানান স্বজনেরা।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমেদ বলেন, এক পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গাছ ধরে গোসল করার সময় হাত ফসকে পানিতে তলিয়ে যান আলী আকবর খান। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ