Views Bangladesh Logo

কক্সবাজারে প্যারাসেইলিংয়ের সময় ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে সমুদ্রের পানিতে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে দরিয়ানগর সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম অক্ষর সৌভিক রায় (৩১)। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নয়জন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন তারা। দুপুরে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় অক্ষর সৌভিক রায় প্যারাসেইল থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, দুপুর ২টা ১০ মিনিটে অক্ষর সৌভিক রায়কে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, দরিয়ানগর এলাকায় মো. ফরিদের মালিকানাধীন ওই প্যারাসেইলিংয়ে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করা হলেও পরে আবার প্যারাসেইলিং চালু করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ