বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে, আহত ২০
বান্দরবানে পর্যটকবাহী একটি বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাসটি পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। দুর্ঘটনার পর সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় যোগ দেন। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই পর্যটনের জন্য বান্দরবানে যাচ্ছিলেন।
বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ধীমান দাশ জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে থাকা ৪০ জনের মধ্যে ২০ জন পর্যটক আহত হয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে