Views Bangladesh Logo

টানা বৃষ্টিতে এবার মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ঝুঁকির কারণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সব ঝরনায় পর্যটকদের ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। আগামী শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়ারঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উপজেলার সব ঝরনার ইজারাদারদেরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগ বারৈয়ারঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ‘ভারী বৃষ্টির এই সময়ে পাহাড়ি ঢলে ঝরনা এলাকার ঝিরিগুলোতে তীব্র স্রোত তৈরি হয়। দুর্যোগপূর্ণ এই সময়ে অনেক পর্যটক অতি উৎসাহী হয়ে অথবা না বুঝে বিপদে পড়েন। তাই আমরা ১০ জুলাই পর্যন্ত সব কটি ঝরনায় ভ্রমণ বন্ধ রাখার বিষয়ে ইজারাদারদের নির্দেশনা দিয়েছি।’

এর আগে ভারী বৃষ্টির কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র এবং রাঙামাটির সাজে পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। বন বিভাগ জানায়, চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের প্রায় ২ হাজার ৯৩৫ একর বনাঞ্চলজুড়ে রয়েছে খৈয়াছড়া, নাপিত্তাছড়া, রূপসী, সোনাইছড়ি, ভাওয়াছড়াসহ বেশ কটি ঝরনা। আকৃতি ও সৌন্দর্যের কারণে খৈয়াছড়া, নাপিত্তাছড়া ও রূপসী ঝরনায় পর্যটকের ভিড় সবচেয়ে বেশি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ