কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সৈকত শহর কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালের আয়োজন করছে জেলা প্রশাসন। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলা এ উৎসবকে ঘিরে থাকছে নানা আয়োজন।
কক্সবাজার জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। তবে এর আগে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় উন্মোচন হবে থিম সং। আর ২১ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিনই সকাল ১০টায় হতে ঘণ্টাব্যাপী চলবে সৈকত এলাকা পরিচ্ছন্নতার অভিযান। আর আগামী ২৫ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।
২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু হয়ে সুগন্ধা পয়েন্ট ঘুরে পুনরায় লাবনী পয়েন্ট পর্যন্ত থাকছে বর্ণাঢ্য র্যালি। এর পর সকাল সাড়ে ৯টায় উদ্বোধন করা হবে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। সকাল ৯টা ৪০ মিনিটে থাকছে বৃক্ষরোপণ ও আলোচনা সভা। আর বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিএ ঘাট থেকে মহেশখালী জেটি পর্যন্ত চলবে নৌ র্যালি। আর প্রতিদিন বিকেল ৩টায় বিনামূল্যে চলবে সার্কাস প্রদর্শনী। বিকেল সাড়ে ৪টায় বিচ বাইক র্যালি, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর ডিজে শো এবং আতশবাজি প্রদর্শনী।
মেলায় পর্যটন বিষয়ক রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, ঘুড়ি উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানগেম, ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক উৎসব, ফানুস উৎসব, ম্যাজিক শো, আতশবাজি, ডিজে শো ও কনসার্ট। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় মানের তারকা শিল্পীরা অংশ নেবেন। আর মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোতে কক্সবাজারের পর্যটন খাত সংশ্লিষ্ট জিনিসপত্র তুলে ধরা হবে। একই সঙ্গে থাকবে আচার, শুঁটকি ও পিঠাসহ হরেক রকমের আয়োজন।
ফেডারেশন অব ট্যুরিজম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ‘বিশ্ব পর্যটন দিবে উপলক্ষে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল হচ্ছে; প্রশাসন এ ধরনের উদ্যোগ নেয়ায় সাধুবাদ জানাচ্ছি। আমাদের সংগঠনের আওতাধীন একশ হোটেল-রিসোর্ট রয়েছে। মেলা উপলক্ষে প্রতিটি হোটেল-রিসোর্টে ৬০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে ৭০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে বিশেষ ছাড়ে এসি/নন-এসি রুম ভাড়া পাবে।’
হোটেল-মোটেল-রিসোর্টে ৬০ থেকে ৫০ শতাংশ এবং রেস্তোরাঁয় ১৫ শতাংশ ও কক্সবাজারগামী বিমান ও দূরপাল্লার বাসে মূল্যছাড়সহ বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, ‘বিশ্বের বুকে দীর্ঘতম সমুদ্র সৈকতকে তুলে ধরতে ও কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ আয়োজন করা হচ্ছে। কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এবার ভিন্নতা আনা হচ্ছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে