আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ‘ব্লাড ওয়ার্ম মুন’ দেখার সুযোগ
আজ ৩ মার্চ ২০২৬ সাল। ঘটছে বছরের অন্যতম আকর্ষণীয় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। একই সঙ্গে আকাশে দেখা যাবে বিশেষ রক্তিম আভার চাঁদ, যা পরিচিত ‘ব্লাড ওয়ার্ম মুন’ নামে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আজ পূর্ণিমার রাতেই এই পূর্ণ চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। আজকের গ্রহণ মিস করলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আন্তর্জাতিক সময় অনুযায়ী পূর্ণগ্রাস পর্যায় থাকবে ১১:০৪ থেকে ১২:০৩ পর্যন্ত।
বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল ৫:০৪ থেকে ৬:০৩ পর্যন্ত পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে।
গ্রহণ শুরু হবে এর প্রায় দেড় ঘণ্টা আগে এবং পুরো প্রক্রিয়া শেষ হবে বাংলাদেশ সময় রাত ৮:২৩ মিনিটে। তাই সন্ধ্যা থেকেই আকাশে চোখ রাখলে পুরো দৃশ্য উপভোগ করা সম্ভব।
রক্তিম আভার চাঁদ বা ‘ব্লাড ওয়ার্ম মুন’ উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে সবচেয়ে স্পষ্ট দেখা যাবে। পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় সন্ধ্যায় পুরোপুরি দৃশ্যমান হবে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সারা রাত দেখা যাবে। উত্তর ও মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশে ভোরের দিকে ভালো দেখা যাবে। তবে ইউরোপ ও আফ্রিকায় এই গ্রহণ দৃশ্যমান হবে না।
মার্চ মাসের পূর্ণিমাকে ঐতিহ্যগতভাবে বলা হয় ‘ওয়ার্ম মুন’। বসন্তের শুরুতে মাটি উষ্ণ হলে কেঁচো ও পোকামাকড়ের লার্ভা মাটির ওপরে উঠে আসে—সেখান থেকেই নামের উৎপত্তি।
পূর্ণিমার সময় যখন পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে, তখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে চাঁদ গাঢ় লাল বা তামাটে আভা ধারণ করে। এ কারণেই একে ‘ব্লাড মুন’ বলা হয়।
চন্দ্রগ্রহণ খালি চোখেই নিরাপদে দেখা যায়। সূর্যগ্রহণের মতো বিশেষ চশমার প্রয়োজন নেই।
তবে দূরবীন বা টেলিস্কোপ থাকলে লাল আভার সূক্ষ্ম পরিবর্তন আরও স্পষ্ট দেখা যাবে। ছবি তুলতে চাইলে ডিএসএলআর ক্যামেরায় আইএসও কিছুটা বাড়িয়ে মেঘমুক্ত আকাশে ভালো ছবি তোলা সম্ভব।
প্রতি মাসে পূর্ণিমা হলেও চন্দ্রগ্রহণ হয় না। কারণ চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সঙ্গে সামান্য কাত হয়ে আছে। ফলে অধিকাংশ সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর সরাসরি পড়ে না। কেবল যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় নিখুঁতভাবে অবস্থান করে, তখনই পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে।
আজ তেমনই একটি বিরল দিন—আকাশ পরিষ্কার থাকলে চোখ রাখলেই দেখা যাবে প্রকৃতির অপূর্ব লাল আভা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে