১২০ টাকা চুরির অপবাদে খুঁটিতে বেঁধে নির্যাতন, অপমানে কিশোরীর ‘আত্মহত্যা’
পাবনার চাটমোহর উপজেলায় চুরির অপবাদ দিয়ে নির্যাতনের শিকার হওয়ার পর শ্রাবন্তী খাতুন (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবন্তী ওই গ্রামের দিনমজুর আলতাব হোসেনের মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার হান্নান মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ, প্রায় এক বছর ধরে হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মীর কাজ করত শ্রাবন্তী। শুক্রবার সকালে ওই বাড়ির আলমারির ড্রয়ার থেকে ১২০ টাকা হারিয়ে গেলে শ্রাবন্তীর ওপর সন্দেহ করা হয়। পরে হান্নান মোল্লা ও তার স্ত্রী রুবিয়া খাতুন কিশোরীটিকে বাড়ির বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগে আরও বলা হয়, প্রায় দুই ঘণ্টা ধরে তাকে নির্যাতন করা হয় এবং জোর করে চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন।
পরিবারের দাবি, প্রকাশ্যে অপমান ও নির্যাতনের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে শ্রাবন্তী। পরে বাড়ি ফিরে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে। ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে ছিলেন না। পরে প্রতিবেশীদের কাছ থেকে বিষয়টি জেনে বাড়ি ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
শ্রাবন্তীর মামা সিফাত হোসেন বলেন, যদি সে সত্যিই কোনো ভুল করে থাকে, তাহলে তার বাবা-মাকে জানানো যেত। কিন্তু সবার সামনে যেভাবে নির্যাতন করা হয়েছে, সেই অপমানই তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে।
এ বিষয়ে গোলাম মোস্তফা জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে হান্নান মোল্লাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে