শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, গ্রেফতারের পর সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, ঢাকার নবাবগঞ্জে জন্ম নেওয়া শেখ মোহাম্মদ আসলাম 'সুইডেন আসলাম' নামেই বেশি পরিচিত। সুইডেনপ্রবাসী স্ত্রী ইতির সূত্রে তাঁর এই নাম হয়। ১৯৮৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি রাজধানীর তেজগাঁও ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় সক্রিয় ছিলেন। খুন, চাঁদাবাজি, ভাঙচুর, দখলবাজি ও অস্ত্র আইনে ২২টি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ও দণ্ড রয়েছে। এর মধ্যে শাকিল, গালিব ও বিপুল হত্যাকাণ্ডসহ ৯টি খুনের মামলা অন্তর্ভুক্ত।
১৯৯৭ সালের ২৬ মে গ্রেপ্তারের পর আসলামকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। দীর্ঘ ২৭ বছর কারাবাসের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।
মতামত দিন