Views Bangladesh Logo

আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ৪৫ ব্যবসায়ী: মাহদী

আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টার প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

ড. মাহদী আমিন বলেন, বাংলাদেশে গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সংস্কারে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন মার্কিন বিশেষ দূত। একই সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

তিনি জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাতের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাতের বিদ্যমান সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও মার্কিন প্রতিনিধিদলকে অবহিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বেসরকারি খাতের বিকাশে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা কমাতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হচ্ছে।

তিনি আরও জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততর করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে শিগগিরই এ ব্যবস্থা চালু করা হবে। এর ফলে পণ্য পরিবহন ও খালাসের সময় কমবে, ব্যবসায়িক ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে।

ড. মাহদী আমিন বলেন, একই দিনে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক হয়েছে। সেখানে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প উৎপাদন বৃদ্ধি, জ্বালানি সরবরাহ, রপ্তানি সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা হয়। সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে অর্থনীতিকে আরও গতিশীল করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা এবং দেশীয় বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এসব উদ্যোগ বাস্তবায়ন আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ