অভিনয়ের পাশাপাশি ব্যাংকে নতুন দায়িত্বে তমা মির্জা
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা এবার অভিনয়ের পাশাপাশি পেশাগত জীবনে যুক্ত করলেন নতুন অধ্যায়। একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। জানা গেছে, প্রায় তিন মাস ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন এই অভিনেত্রী।
নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে বিরতি নেওয়ার কোনো পরিকল্পনা নেই তমার। তার ভাষায়, অভিনয়ই তার প্রথম ভালোবাসা এবং ভবিষ্যতেও নিয়মিত অভিনয় করে যেতে চান তিনি। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয় পেশার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। ফলে দুটি পেশাই পাশাপাশি চালিয়ে যেতে আপাতত কোনো সমস্যা দেখছেন না তিনি।
অভিনয়ের ক্ষেত্রে শুরু থেকেই বেশ বেছে বেছে কাজ করেন তমা। গল্প ও চরিত্র পছন্দ না হলে কোনো প্রজেক্টে যুক্ত হন না। বছরে অনেকগুলো কাজ করার পরিবর্তে নিজের পছন্দের এক বা দুটি সিনেমা কিংবা প্রজেক্টে মনোযোগ দেওয়াকেই প্রাধান্য দেন তিনি।
অভিনয়ের বাইরে অবসর সময়কে নতুন কিছু শেখা ও ভিন্ন অভিজ্ঞতা অর্জনে কাজে লাগাতেই ব্যাংকিং খাতে যুক্ত হয়েছেন তমা। তার মতে, নতুন এই পেশাগত অভিজ্ঞতা ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবনেও নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে।
এদিকে অভিনয়েও নিজের অবস্থান ধরে রেখেছেন তমা মির্জা। আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন তিনি। এর আগে ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’র মতো ওটিটি কনটেন্টে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী।
অভিনয়ের ব্যস্ততাও সামনে আরও বাড়তে যাচ্ছে। নির্মাতা ভিকি জাহেদের নতুন সিনেমা ‘খলনায়ক’-এ অভিনয় করতে যাচ্ছেন তমা মির্জা। সিনেমাটিতে তার বিপরীতে থাকছেন আফরান নিশো। ফলে ব্যাংকের নতুন দায়িত্বের পাশাপাশি খুব শিগগিরই আবারও বড় পর্দায় দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে।
মতামত দিন