Views Bangladesh Logo

টালিউডের চিত্রনাট্যকার ও নির্মাতা উৎসব মুখার্জি নিখোঁজ

জনপ্রিয় সিনেমা ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘ভবিষ্যতের ভূত’-এর চিত্রনাট্যকার ও নির্মাতা উৎসব মুখার্জি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ব্যাংকের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবার জানায়, জরুরি ব্যাংকিং কাজের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফেরেননি। তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দুপুর ২টা ২২ মিনিটে তাদের শেষ কথা হয়। সে সময় উৎসব জানান, তিনি ব্যাংকের ভেতরেই আছেন। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে তার মোবাইল ফোন ব্যবহার। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তিনি ব্যক্তিগত ফোনটি বাড়িতেই রেখে যান এবং প্রয়াত বাবার একটি ফোন সঙ্গে নেন, যা এখন বন্ধ পাওয়া যাচ্ছে।

পরিবার ইতিমধ্যে স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং তিনি সত্যিই ব্যাংকে গিয়েছিলেন কি না কিংবা সেখান থেকে কোথায় গেছেন—তা খতিয়ে দেখা হচ্ছে।

টালিউডের এই পরিচিত নির্মাতা তার সৃজনশীল কাজের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন। তার আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ