সিমে ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব, কমতে পারে ১২০০ কোটি টাকার রাজস্ব
মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর আসতে যাচ্ছে নতুন বাজেটে। মোবাইল সিম কার্ডের ওপর আরোপিত বিদ্যমান ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব দিতে যাচ্ছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করা এবং তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ত্বরান্বিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার আইসিটি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালায় বড় ধরনের সংস্কারের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে দেশের টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ, যা বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। অন্যদিকে তথ্যপ্রযুক্তি খাতে করের হার প্রায় ২৫ শতাংশ। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব খাতে করের বোঝা ধীরে ধীরে কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই নীতির অংশ হিসেবেই মোবাইল সিমের ওপর দীর্ঘদিন ধরে আরোপিত ৩০০ টাকার কর পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ফলে নতুন সিম কিনতে গ্রাহকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না এবং মোবাইল সংযোগ গ্রহণ আরও সহজ হবে।
তবে এই সিদ্ধান্তের কারণে সরকারকে বড় অঙ্কের রাজস্ব ছাড় দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, সিম কর প্রত্যাহার করা হলে আগামী অর্থবছরে সরকারের প্রায় এক হাজার ২০০ কোটি টাকার রাজস্ব আয় কমে যেতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্বল্পমেয়াদে রাজস্ব আয় কিছুটা কমলেও দীর্ঘমেয়াদে ডিজিটাল সেবা সম্প্রসারণ, নতুন গ্রাহক বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

মতামত দিন