পুলিশের ৫,৮৩০ গাড়ি কিনতে ৬,৬০৯ কোটি টাকার প্রকল্প একনেকে
পুলিশের যানবাহনসংকট দূর করতে ৬ হাজার ৬০৯ কোটি টাকার বেশি ব্যয়ে ৫ হাজার ৮৩০টি অপারেশনাল ও বিশেষায়িত যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি অর্থায়নে দুটি পৃথক প্রকল্পের আওতায় এসব যানবাহন কেনা হবে।
প্রস্তাবিত প্রকল্প দুটি আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান সভায় সভাপতিত্ব করবেন।
পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী, অপারেশনাল যানবাহন কিনতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩২৮ কোটি ৯২ লাখ টাকা। এ প্রকল্পে ৪ হাজার ৮২৯টি যানবাহন কেনা হবে। অন্যদিকে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কিনতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা। বিশেষায়িত যানবাহনের মধ্যে রয়েছে দাঙ্গা নিয়ন্ত্রণের গাড়ি, দুর্গম এলাকায় চলাচলের উপযোগী যান, মোবাইল কমান্ড সেন্টার ও অপরাধস্থল তদন্তের ভ্যান।
প্রকল্পের নথিতে বলা হয়েছে, জেলা ও মহানগর পুলিশের অধীন ৬৩৯টি থানায় বর্তমানে যানবাহন রয়েছে ১ হাজার ২৩৭টি। এর ৬৪ শতাংশের বয়স ১০ বছরের বেশি। যানবাহনের স্বল্পতায় টহল, অপরাধ দমন, অভিযান ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
প্রকল্প দুটির মেয়াদ ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। যানবাহন কেনার পাশাপাশি চালক ও মেকানিকদের প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের সরঞ্জাম কেনার ব্যবস্থাও রাখা হয়েছে।
মতামত দিন