ঈদের দিনে যমুনা সেতুতে ৬১ লাখ টাকার টোল আদায়
পবিত্র ঈদুল ফিতরের দিনে যমুনা সেতু দিয়ে মোট ১৩ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয় এবং ৬১ লাখ ১ হাজার ৪০০ টাকার টোল আদায় করা হয়েছে।
রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদের দিনে সেতুর পূর্ব প্রান্ত দিয়ে উত্তরাঞ্চলের দিকে প্রবেশ করেছে ৭ হাজার ৭৮৬টি যানবাহন। এই পথে ৯টি টোল বুথে মোট ৩৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা আদায় হয়েছে। একই সময়ে পশ্চিম প্রান্ত দিয়ে উত্তরাঞ্চল থেকে যাত্রা করেছে ৬ হাজার ১২০টি যানবাহন। এতে ৯টি বুথে ২৭ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা টোল সংগ্রহ করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আরও জানিয়েছেন, গত চার দিনের ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে মোট টোল আদায় হয়েছে ১৩ কোটি টাকারও বেশি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে