Views Bangladesh Logo

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, দুই কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রামে অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। গত ১০ আগস্ট ঘটনাটি ঘটলেও বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (১৩ আগস্ট)। বিপুল পরিমাণ গ্রাহকের আমানত উধাও হওয়ার ঘটনায় ব্যাংকের ভেতরে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় গত ১০ আগস্ট শাখাটির জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। মামলায় ব্যাংকের ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন ও মো. জাফরুল্লাহ তানভীরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ওই দুই ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কামরুল হোসেন শাখাটির ক্যাশ ও ভল্টের দায়িত্বে ছিলেন। ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শেষে নগদ অর্থের হিসাব এবং ভল্টে থাকা টাকার হিসাব মেলানোর সময় গরমিল ধরা পড়ে। পরে ভল্টের হিসাব, সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও নথি যাচাই করে ৪ কোটি ৩৮ লাখ টাকা ঘাটতি পাওয়া যায়।

ঘাটতির বিষয়ে কামরুল হোসেন সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে কামরুল হোসেনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আরও বলা হয়েছে, ভল্টে টাকা রাখার সময় এক হাজার টাকার বড় বান্ডিলের মধ্যে ১০০ টাকা বা তার কম মূল্যমানের নোট ঢুকিয়ে বান্ডিল তৈরি করা হতো। ফলে বাইরে থেকে বান্ডিল দেখে ভল্টে পর্যাপ্ত টাকা রয়েছে বলে মনে হলেও প্রকৃত অর্থের পরিমাণ কম থাকত।

মামলার অভিযোগ অনুযায়ী, এই পদ্ধতিতে ঘাটতি তৈরি করা অর্থ জাফরুল্লাহ তানভীরের দেখাশোনার শর্তে বিনিয়োগ করে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলা হয়। বর্তমানে ওই খামারে ৫০ থেকে ৬০টি বিভিন্ন জাতের গরু রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ ও তথ্যের রেকর্ড এবং ৬৪ জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। উদ্ধার হওয়া ডিভাইস ও নথিপত্র যাচাইসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে অর্থ আত্মসাতের পুরো ঘটনা এবং এতে আর কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ