Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাজেটের ৪০ হাজার কোটি টাকা চলে গেছে: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের বাজেটে বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যুদ্ধের প্রভাবে প্রায় ৪ বিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার কোটি টাকা বাজেট থেকে চলে গেছে।

শনিবার চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ঋণাত্মক অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে উদ্ধারের চেষ্টা করছে। পূর্ববর্তী সরকার বিপুল অঙ্কের বকেয়া রেখে গেছে, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকা পরিশোধ না করেই তারা বিদায় নিয়েছে।

তিনি বলেন, আমরা বিগত সরকারগুলোর কাছ থেকে যা পেয়েছি, সেটা মাইনাস, মাইনাস, মাইনাস। এখানে যোগ কিছু নেই, সবই ঋণাত্মক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি এস এম মোরশেদ হোসেন। আরও বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অসীম বড়ুয়া, পরিচালনা কমিটির সহসভাপতি আবদুল মান্নান রানা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকার বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নিচ্ছে। সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে হতদরিদ্র রোগীদের প্রাইভেট হাসপাতালে পাঠানো হবে এবং চিকিৎসার বিল সরকার বহন করবে।

তিনি আরও জানান, আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। সরকার স্বাস্থ্যসেবাকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আমির খসরু বলেন, ইউনিভার্সেল, প্রিভেন্টিভ ও প্রাইমারি হেলথ কেয়ার প্রত্যেক নাগরিকের অধিকার। আমরা সেই সেবাকে আরও উচ্চপর্যায়ে নিয়ে যেতে চাই।

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে অন্তত দুই বছর সময় প্রয়োজন হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ