Views Bangladesh Logo

শাহজালালে গাড়িতে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, পালালেন চালক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি সন্দেহভাজন গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযানের সময় গাড়িটি ফেলে চালক মো. শামীম মিয়া পালিয়ে যান।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় সন্দেহভাজন একটি গাড়িকে তল্লাশির জন্য থামানো হয়। পরিস্থিতি বুঝতে পেরে চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা প্রায় ১৫৫ দশমিক ৩৫ ভরি। কাস্টমস হাউস ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে এসব স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

গাড়িটি আরও তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা স্বর্ণসহ অন্যান্য পণ্য ও সামগ্রীর ইনভেন্টরি কাস্টমস হলে সম্পন্ন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানিয়েছে, এই ঘটনায় আর কারা জড়িত এবং বিপুল পরিমাণ স্বর্ণ কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ