Views Bangladesh Logo

শ্রীপুরে প্রাইভেটকারে গুলি করে দুই মিনিটে ৩ কোটি টাকা লুট, আহত ৪

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারে গুলি চালিয়ে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের এক ডিস্ট্রিবিউটরের কর্মীদের কাছ থেকে তিন কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা প্রাইভেটকারটি ঘিরে ধরে। এরপর অস্ত্রের মুখে গাড়ির কাচ ভেঙে গুলি চালায় এবং কর্মীদের মারধর করে। মাত্র দুই মিনিটের মধ্যে গাড়িতে থাকা চারটি টাকার বস্তার মধ্যে তিনটি নিয়ে পালিয়ে যায় তারা।

গুলিবিদ্ধ হিমেল আহমেদ (৩৫) বিকাশের শ্রীপুর-ভালুকা এলাকার চ্যানেল এন্টারপ্রাইজের হিসাব বিভাগের ব্যবস্থাপক। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার বাসিন্দা। আহত অন্যরা হলেন প্রতিষ্ঠানের ঋণ শাখার ক্রেডিট ব্যবস্থাপক ফাহাদ হোসেন (৩৫), সুপারভাইজার রিফাত (৩০) এবং প্রাইভেটকারচালক লাল মিয়া (৩২)।

আহত হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনও আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটির ঋণ শাখার ক্রেডিট ব্যবস্থাপক ফাহাদ হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তাঁরা তিন সহকর্মী বিকাশের নরসিংদী সদরের বিতরণ শাখা থেকে চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তাদের গাড়ি ঘিরে ফেলে।

ফাহাদ বলেন, প্রতিটি মোটরসাইকেলে দুজন করে আরোহী ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তারা চীনা কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলেন। পরে পিস্তল বের করে গুলি চালালে সামনের আসনে বসে থাকা হিমেল গুলিবিদ্ধ হন। অন্যরা গাড়ির চালকের পাশের কাচ ভেঙে তাঁদের মারধর করেন।

তিনি আরও জানান, গাড়ির পেছনে রাখা চারটি বস্তার প্রতিটিতে এক কোটি টাকা ছিল। দুর্বৃত্তরা তিনটি বস্তা নিয়ে শ্রীপুরের দিকে পালিয়ে যায়। পরে তিনি আহত সহকর্মীদের নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বিকাশের মাওনা-ভালুকা এলাকার বিতরণকারী প্রতিষ্ঠান চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. রফিক জানান, তার প্রতিষ্ঠানের কর্মীরা নরসিংদী থেকে টাকা সংগ্রহ করে শ্রীপুরে ফিরছিলেন। তাদের গাড়িতে চার কোটি টাকা ছিল। পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি চালিয়ে ও কর্মীদের মারধর করে তিন কোটি টাকা নিয়ে যায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। হিমেলের পেটের ডান পাশে গভীর ক্ষত ছিল, যা গুলির আঘাত হতে পারে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। আহত ব্যক্তিরা তিন কোটি টাকা লুটের কথা জানিয়েছেন। তবে লুট হওয়া টাকার পরিমাণ পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

তিনি আরও বলেন, ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত করা এবং লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ