ঢাবি ছাত্রীদের আবাসন সংকট নিরসনে ২৮৪১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব
শতভাগ আবাসন সংকট নিশ্চিত করতে মেয়েদের জন্য ৪টি হল নির্মাণের লক্ষ্যে ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্পের প্রস্তাব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, চীনা সরকারের সহায়তায় শাহনেওয়াজ হোস্টেল ভেঙে ১৫ তলাবিশিষ্ট একটি ছাত্রী হল নির্মাণ, শামসুন নাহার হলের ১০ ও ৬ তলাবিশিষ্ট দুটি সম্প্রসারণ ভবন নির্মাণ, লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের স্টাফ কোয়ার্টারের বি ও ডি ভবন ভেঙে ১১ ও ৮ তলাবিশিষ্ট দুটি ভবনের সমন্বয়ে একটি ছাত্রী হল এবং কুয়েত মৈত্রী হলের সঙ্গে ১০ তলাবিশিষ্ট আরেকটি ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়াও প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল’ নির্মাণ প্রকল্পটিও শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট ঘাটতি থাকা সত্ত্বেও বিশেষ বরাদ্দের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন ছাত্রী হলে প্রায় ৫০০ বাঙ্ক বেড বসানো হয়েছে। এতে ইতোমধ্যে বেশ কিছু ছাত্রীর আবাসনের সুযোগ হয়েছে। প্রথমবারের মতো আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষের ছাত্রীদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, ‘সব অংশীজনকে নিয়ে যৌক্তিক সময়ের মধ্যে আবাসন সংকট নিরসন করা সম্ভব হবে। হিট প্রজেক্টের আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আগামী শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যে শিক্ষার্থীরা ভর্তি হবে, তারা এই বৃত্তির আওতায় আসবে।’
এর আগে শতভাগ আবাসন নিশ্চিত করার দাবিতে রোববার এক সংবাদ সম্মেলন করে প্রতীকী অনশনের ঘোষণা দেন একদল ছাত্রী। পরদিন (সোমবার) উপাচার্যের বাসভবনের সামনে ওই কর্মসূচি শুরু করেন তারা। যারা প্রথম ও দ্বিতীয় বর্ষে পড়ছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে