Views Bangladesh Logo

গবেষণা খাতে ২২৬ কোটি টাকা বরাদ্দ, বাজেট না থাকার খবর সঠিক নয়: ইউজিসি

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি—এমন সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সংস্থাটি বলছে, ২০২৬–২৭ অর্থবছরে গবেষণার জন্য ২২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, কয়েকটি গণমাধ্যমে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে গবেষণা অর্থায়নের সামগ্রিক চিত্র প্রতিফলিত হয়নি। এতে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

ইউজিসির ভাষ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা প্রকল্পে অর্থায়ন পদ্ধতি আরও সহজ, স্বচ্ছ ও গবেষকবান্ধব করা হয়েছে। একই সঙ্গে গবেষণা খাতে দ্বৈততা এড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এতে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বকীয়তা, গবেষণার অগ্রাধিকার বা বিষয়ভিত্তিক বৈচিত্রের কোনো ক্ষতি হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬–২৭ অর্থবছরের গবেষণা বরাদ্দের জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে তাদের গবেষণা পরিকল্পনা, উপখাতভিত্তিক অর্থের চাহিদা এবং বাজেট প্রাক্কলন দ্রুত কমিশনে পাঠাতে গত ২ জুলাই চিঠি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদাপত্র পাওয়ার পর দ্রুত অর্থ ছাড়ের কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ ছাড়া গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ইউজিসি। এগুলো হলো—স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত করা, জ্যেষ্ঠ ও নবীন গবেষকদের সমন্বয়ে গবেষণার পরিবেশ গড়ে তোলা এবং গবেষণা প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে দেশের প্রয়োজন ও সরকারের অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ