জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য মাসিক ভাতার প্রস্তাব
২০২৬–২৭ অর্থবছরের বাজেটে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার এবং আহতদের জন্য প্রথমবারের মতো মাসিক ভাতা চালুর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।
প্রস্তাব অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা হারে ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একইভাবে গুরুতর আহত ‘ক্যাটাগরি এ’ যোদ্ধাদেরও মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।
এছাড়া—‘ক্যাটাগরি বি’ আহতরা মাসে ১৫ হাজার টাকা এবং ‘ক্যাটাগরি সি’ আহতরা মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
সরকার জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণকারী ও তাদের পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
একই সঙ্গে গেজেটভুক্ত ‘জুলাইযোদ্ধাদের’ জন্য কর সুবিধার প্রস্তাবও রাখা হয়েছে। তাদের করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা সাধারণ করদাতাদের তুলনায় বেশি।

মতামত দিন