Views Bangladesh Logo

বিমান ও পর্যটন খাতে ১,৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

আগামী অর্থবছরের জাতীয় বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও পর্যটননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, একটি আধুনিক, দক্ষ ও বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক বিমান পরিবহন শিল্প গড়ে তুলতে সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে যশোর ও সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনাল সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রস্তুত। কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ের সক্ষমতা বাড়ানো হচ্ছে।

তিনি জানান, এসব প্রকল্প সারা দেশে বিমানবন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং যাত্রীসেবার মান উন্নত করবে। যাত্রীদের সুবিধা বাড়াতে শাহজালাল বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ওয়াইফাই নেটওয়ার্কের আওতা সম্প্রসারিত করা হয়েছে।

একটি নিরাপদ, দক্ষ ও প্রতিযোগিতামূলক বিমান চলাচল খাত গড়ে তোলার লক্ষ্যে সরকার যাত্রীসেবার আধুনিকীকরণ, কার্গো ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, বিমান চলাচলের নিরাপত্তা মান উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে একযোগে কাজ করছে বলেও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ