Views Bangladesh Logo

৪১ লাখ নারীকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, বরাদ্দ সাড়ে ১৪ হাজার কোটি টাকা

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে আগামী ২০২৬–২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এই কর্মসূচির জন্য বাজেটে সাড়ে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাব অনুযায়ী, ফ্যামিলি কার্ডধারী নারীরা মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। এই অর্থ সরাসরি পরিবারের প্রধান নারী সদস্যের কাছে পৌঁছাবে বলে জানানো হয়েছে।

বাজেট বক্তৃতায় বলা হয়, সরকার সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে ‘সিগনেচার প্রোগ্রাম’ হিসেবে এগিয়ে নিচ্ছে। ইতোমধ্যে এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে এই কর্মসূচি উদ্বোধন করেন বলে উল্লেখ করা হয়।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে এই ফ্যামিলি কার্ড কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে।

এছাড়া একই কর্মসূচির আওতায় প্রায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা করে সহায়তা দেওয়া হবে। মা ও শিশু সহায়তা কর্মসূচিকেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বাজেটে আরও বলা হয়েছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং স্বামী নিগৃহীত ভাতাভোগীদের সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্যানসারসহ ছয়টি গুরুতর রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ