আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কটূক্তি করার অভিযোগে ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম। শুনানি শেষে বিচারক সুমন কুমার কর্মকার আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, এপিপি হুমায়ুন কবীর কর্ণেল এবং এপিপি ইন্দ্রজিত সাহা।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার আগে এক আলোচনায় আমির হামজা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে অভিহিত করেন। পরে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মন্ত্রীর পারিবারিক ঐতিহ্য ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মামলায় দাবি করা হয়।
এ ঘটনায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাশাপাশি দণ্ডবিধির ৫০০ ধারায় অপরাধ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে