এক কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা, জলবায়ু ট্রাস্টে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় নতুন উদ্যোগ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এই কর্মসূচির আওতায় এক কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
নতুন অর্থবছরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বনায়ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরে—২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে প্রায় ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা রোপণ, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা,
৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা এবং বসতবাড়ি বনায়নে ৫৬ লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০ শতাংশকে কার্বন ট্রেডিংয়ের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ‘সার্কুলার ফিউচার মডেল’ বাস্তবায়নের কথাও জানানো হয়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে আধুনিক ভেহিকেল ইন্সপেকশন সেন্টার স্থাপন, ইলেকট্রিক বাস চালু এবং ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমানো এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা গড়ে তোলা।

মতামত দিন