এবার রেলপথ অবরোধ করলেন তিতুমীরের শিক্ষার্থীরা
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করা শিক্ষার্থীরা এবার মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নিয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে ৭০-৮০ জন শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে রেলক্রসিংয়ে অবস্থান নেন। ক্রসিংয়ে অবস্থানের কারণে ইতোমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকা পড়েছে।
এর আগে এদিন সকাল ১২টার দিকে অল্প কিছু শিক্ষার্থী কলেজের প্রধান ফটকের সামনের সড়ক আটকে দেন। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ পূর্বঘোষিত 'বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি' কর্মসূচির অংশ হিসেবে তাদের সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও রেল লাইন অবরোধ করার ছিল।
এদিকে চলমান অবরোধকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আল আমিন হোসেন বলেন, ‘কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে আমরা সতর্ক আছি। তবে শিক্ষার্থীরা যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যায়, তাহলে আমরা তাদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে যাব না।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে