Views Bangladesh Logo

তিতুমীরের শিক্ষার্থীদের গুলশানে সড়ক অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গুলশান-১ নম্বর সড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গোলচত্বরে অবস্থান নেন তারা। ফলে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণে বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু সে সময়ের মধ্যে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে সড়কটি অবরোধ করা হয়েছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে রোববার (২ ফেব্রুয়ারি) থেকে আন্দোলন আরও তীব্র করা হবে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়। প্ল্যাকার্ড এবং ব্যানারও প্রদর্শন করেন তারা। এসবের মধ্যে ছিল, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আপস নয় সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে’, এবং ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’।

চলমান আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, তিতুমীর কলেজসহ ঢাকার সাতটি ঐতিহ্যবাহী কলেজকে নিয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি শিক্ষার্থী প্রতিনিধি এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শুরু করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে, কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা। সেক্ষেত্রে সব ধরনের বিকল্প বিবেচনায় রাখা হচ্ছে। তাই, তাড়াহুড়ো করে সময় বেঁধে দিয়ে আন্দোলন করা অযৌক্তিক।

সরকার সব সময় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির বিষয়ে সহানুভূতিশীল এবং সচেতন উল্লেখ করে জনদুর্ভোগ সৃষ্টি হয় বা শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে আন্দোলনকারীদের প্রতি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ