জাতি গঠনে মনোযোগ দেয়ার এখনই সময়: তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে এবং এখন সময় এসেছে জাতি গঠনে মনোযোগী হওয়ার।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বারোবাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি।
বিভিন্ন সেক্টরে প্রতিভা লালন-পালনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ‘দেশে অনেক মেধাবী ডাক্তার ও প্রকৌশলী রয়েছেন। তবে দক্ষ পেশাদার গড়ে তোলা শুধু এক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। আমাদের তরুণ প্রজন্মকে দক্ষ খেলোয়াড় ও সাংস্কৃতিককর্মী হিসেবে গড়ে তুলতে হবে’।
‘সুপরিকল্পিত সমাজ গড়তে নিজ নিজ প্রতিভায় পারদর্শী ব্যক্তিদের প্রয়োজন’ বলেও মন্তব্য করেন তিনি।
তারেক জোরে দিয়ে বলেন, ‘নাগরিকদের নির্দিষ্ট যোগ্যতায় চিহ্নিত এবং জাতীয় ও আন্তর্জাতিক মানে পৌঁছাতে সমর্থন করা উচিত’।
‘তাদের শক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে, তা একাডেমিক, পেশাদার বা শৈল্পিক হোক, আমরা একটি দক্ষ প্রজন্ম গড়ে তুলতে পারি’- যোগ করেন তারেক রহমান।
বিভিন্ন বিষয়ে প্রতিভা আবিষ্কারে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ‘নতুন কুঁড়ি’ এর মতো প্রতিযোগিতার কথাও উল্লেখ করেন তারেক। বলেন, ‘শিশুদের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিতে শিশু একাডেমিও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আমরা জাতীয় ও আন্তর্জাতিক মান পূরণের মেধাবীদের চিহ্নিত ও প্রশিক্ষণে এসব কর্মসূচি পুনর্বহাল করবো’।
ক্রীড়া উন্নয়নে ও দক্ষ খেলোয়াড়দের লালন-পালনে দেশের জনপ্রিয় ১০টি খেলায় যোগ্যদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে তারেক বলেন, ‘শ্রেষ্ঠত্ব অর্জনে জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নেবেন তারা’।
ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা উন্নয়নে জোর দিয়ে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই দক্ষ ও যোগ্য প্রজন্ম গঠনে তাদের মাঝে জিয়াউর রহমানের চেতনা গড়ে তুলতে হবে, যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারে’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে