Views Bangladesh Logo

লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুটি বোতলে রাখা দুই লিটার পেট্রল উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেন। এ ঘটনার পর আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুগুলো পরীক্ষা করে। তল্লাশির একপর্যায়ে একটি টাইম বোমা ও পেট্রলভর্তি দুটি বোতল পাওয়া যায়। পরে বিশেষজ্ঞ দলের সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে আখড়াবাড়ির ভেতরে সাদা ব্যাগে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিষয়টি পুলিশকে জানানো হলে সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে রাতেই আখড়াবাড়িতে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে ব্যাগটি পরীক্ষা করে। তল্লাশিতে বিস্ফোরকসদৃশ বস্তু ও পেট্রল পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

ঘটনার পর থেকে আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আখড়াবাড়িতে বিস্ফোরক ও পেট্রল রাখার পেছনে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী, তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার বলেন, আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনা সত্য। এ বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশ দিতে পারবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আখড়াবাড়ি থেকে একটি টাইম বোমা ও দুটি বোতলে রাখা পেট্রল উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে মাজার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ