সরাসরি কেনাকাটার সুযোগ বাড়াতে টিকটকের নতুন দুই ফিচার
ভিডিও দেখার পাশাপাশি সরাসরি কেনাকাটার সুযোগ আরও বিস্তৃত করতে নতুন দুটি ফিচার চালু করেছে টিকটক। নতুন সুবিধার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শপিং সহকারী এবং ভিডিও দেখার সময়ই অ্যাপের ভেতর থেকে পণ্য কেনার ব্যবস্থা।
সোমবার (৫ অক্টোবর) ফিচার দুটির ঘোষণা দেয় জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। টিকটক জানিয়েছে, নতুন ‘শপিং অ্যাসিস্ট্যান্ট’ হবে কথোপকথনভিত্তিক এআই সেবা। ব্যবহারকারীর প্রয়োজন ও পছন্দ বুঝে পণ্য খোঁজা থেকে শুরু করে কেনাকাটার সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে এটি।
কোনো পণ্য সম্পর্কে জানতে চাইলে এআই সহকারী তার বৈশিষ্ট্য, মজুতের অবস্থা, আকার বা মাপ এবং সরবরাহসংক্রান্ত তথ্য দিতে পারবে। প্রয়োজন অনুযায়ী পণ্য বাছাই এবং কেনার প্রক্রিয়াতেও ব্যবহারকারীকে সহায়তা করবে এই এআই ব্যবস্থা। ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ বিশ্লেষণ করে উপযোগী পণ্য সম্পর্কে পরামর্শ দেওয়ার সক্ষমতাও থাকবে এতে।
অন্যদিকে ‘এক-ক্লিক’ কেনাকাটার সুবিধার ফলে টিকটকের ‘ফর ইউ’ ফিডে ভিডিও দেখার সময় কোনো ব্র্যান্ডের পণ্য পছন্দ হলে সেটি সরাসরি কেনা যাবে। এ জন্য আলাদা ওয়েবসাইটে গিয়ে নতুন করে পণ্য খোঁজার প্রয়োজন হবে না। ফলে ভিডিও দেখা থেকে শুরু করে পণ্য সম্পর্কে তথ্য জানা এবং কেনাকাটা সম্পন্ন করা যাবে একই প্ল্যাটফর্মে।
নতুন সেবা চালু করতে বিভিন্ন ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে টিকটক। অংশীদারদের মধ্যে রয়েছে সেলসফোর্স, শপিফাই ও স্ট্রাইপ। এতদিন প্রতিষ্ঠানটির ই-কমার্স কার্যক্রম মূলত ‘টিকটক শপ’ ঘিরে থাকলেও নতুন উদ্যোগের মাধ্যমে অ্যাপের অন্যান্য অংশেও সরাসরি কেনাকাটার সুযোগ বাড়ানো হচ্ছে।
টিকটকের বাণিজ্যিক কার্যক্রমের পরিধিও দ্রুত বাড়ছে। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক অর্থনৈতিক প্রভাব প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবসাগুলোর জন্য টিকটকের কার্যক্রম প্রায় ৮ হাজার ১০০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করেছে। একই প্রতিবেদনে প্রায় ৫ কোটি ৪০ লাখ মার্কিন ব্যবহারকারী জানিয়েছেন, টিকটকের ভিডিও দেখে তারা কোনো না কোনো পণ্য কিনেছেন।
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হয় টিকটক শপ। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের হিসাবে, ২০২৫ সালে দেশটিতে টিকটক শপের মাধ্যমে প্রায় ১ হাজার ৫৮০ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছে। দেশটির মোট সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বাণিজ্য বা সোশ্যাল কমার্স বিক্রির প্রায় ১৮ শতাংশ ছিল এই বিক্রি। নতুন এআই ও সরাসরি কেনাকাটার সুবিধার মাধ্যমে টিকটক এখন ভিডিও বিনোদনের পাশাপাশি ডিজিটাল বাণিজ্যের পরিসরও আরও বড় করতে চাইছে।
মতামত দিন