Views Bangladesh Logo

টিকটকে আসছে অর্থ লেনদেনের নতুন ফিচার

 VB  Desk

ভিবি ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে ডিজিটাল সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে টিকটক। জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মটি এবার অ্যাপের ইনবক্স থেকেই এক ব্যবহারকারীকে অন্য ব্যবহারকারীর কাছে সরাসরি অর্থ পাঠানোর সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ও ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আইফোনের জন্য প্রকাশিত টিকটক অ্যাপের সাম্প্রতিক সংস্করণের কোড বিশ্লেষণ করে নতুন অর্থ লেনদেনের ফিচারের অস্তিত্ব পাওয়া গেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ আদান-প্রদানের সময় আলাদা কোনো অ্যাপ ব্যবহার না করেই অর্থ পাঠাতে পারবেন।

নতুন ব্যবস্থায় টিকটকের ইনবক্সে থাকা ওয়ালেট থেকে সরাসরি অন্য ব্যক্তির কাছে টাকা পাঠানোর সুযোগ থাকবে। লেনদেনের সময় ব্যবহারকারীরা চাইলে ছোট কোনো বার্তা বা অর্থ পাঠানোর কারণও উল্লেখ করতে পারবেন। প্রাপক অর্থ পাওয়ার পর ইনবক্সে থাকা নির্দিষ্ট একটি বোতামে চাপ দিয়ে টাকা নিজের অ্যাকাউন্টে জমা করতে পারবেন।

টিকটকের নিজস্ব ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে কাজে লাগিয়েই নতুন এই সুবিধা চালুর পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টিকটক শপের কেনাকাটার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির এই পেমেন্ট ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে। ব্যক্তিগত অর্থ লেনদেনের সুযোগ যুক্ত হলে প্ল্যাটফর্মটির আর্থিক সেবার পরিধি আরও বাড়বে।

মেসেজিং প্ল্যাটফর্মে ব্যক্তিগত অর্থ লেনদেনের বাজারে অবশ্য টিকটক একা নয়। যুক্তরাষ্ট্রে ভেনমো ও জেলের মতো সেবা আগে থেকেই জনপ্রিয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সও সম্প্রতি ‘এক্স মানি’ চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে অর্থ লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। ফলে টিকটকের নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্রের ডিজিটাল পেমেন্ট বাজারে প্রতিযোগিতা আরও বাড়াতে পারে।

তবে নতুন ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। টিকটক জানিয়েছে, সাধারণ ব্যবহারকারীদের জন্য ইনবক্সে অর্থ পাঠানোর সুবিধা কবে চালু করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ