Views Bangladesh Logo

লাইভ স্ট্রিম চলাকালে টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের সিনালোয়া অঙ্গরাজ্যে লাইভ স্ট্রিম চলাকালে জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। মঙ্গলবার রাতে রাজধানী কুলিয়াকানের একটি কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি) রেস্তোরাঁর পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডটি কার্টেল-সংশ্লিষ্ট সহিংসতার সঙ্গে জড়িত, যদিও এখনো কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করা হয়নি।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাস্তেলুম আরও দুজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর কাছে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। হামলার পর দুজনই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রণালয় ও স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন। ধারণা করা হচ্ছে, গাস্তেলুমের প্রকাশিত কিছু ভিডিওতে একটি অপরাধী গোষ্ঠীর অংশবিশেষের প্রতি ইঙ্গিত ছিল, যা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা হচ্ছে না।

ঘটনার নিন্দা জানিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেছেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং এ ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে হবে।

টিকটকে সিজার গাস্তেলুমের অনুসারী ছিল ৬ লাখ ৫০ হাজারের বেশি। ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয়তা ছিল। তিনি মূলত কৌতুকধর্মী ভিডিও ও মেক্সিকান আঞ্চলিক সংগীতভিত্তিক কনটেন্ট তৈরি করতেন। হত্যার পর ঘটনাস্থলে ভক্তরা মোমবাতি জ্বালিয়ে তাঁকে শ্রদ্ধা জানান।

এটি এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে মেক্সিকোতে লাইভ সম্প্রচারের সময় কোনো কনটেন্ট নির্মাতাকে গুলি করে হত্যার দ্বিতীয় ঘটনা। এর আগে ২০২৫ সালের মে মাসে জালিস্কো অঙ্গরাজ্যে টিকটক লাইভ চলাকালে বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজও বন্দুকধারীদের গুলিতে নিহত হন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ