Views Bangladesh Logo

এশিয়ান গেমসে সোনা জেতাই লক্ষ্য লিটনদের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ক্রিকেট দলের যাত্রা শেষ হয়েছে। এবার মাঠে নামার অপেক্ষায় পুরুষ ক্রিকেট দল। এশিয়ান গেমসে অংশ নিতে বৃহস্পতিবার দেশ ছাড়বে লিটন দাসের নেতৃত্বাধীন দল। যাওয়ার আগে লিটন জানিয়েছেন, এবার তাদের লক্ষ্য একটাই—সোনার পদক জয়।

বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লিটন বলেন, অন্য সিরিজে যেমন ট্রফি জয়ের লক্ষ্য থাকে, এশিয়ান গেমসে তার সঙ্গে যোগ হয়েছে স্বর্ণপদকের আকাঙ্ক্ষা। দলের সবাই সেরা হওয়ার লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে যাচ্ছে বলে জানান তিনি।

লিটন বলেন, প্রত্যাশা সবারই থাকবে, তার নিজেরও আছে। তবে এই টুর্নামেন্ট নিয়ে দলের খেলোয়াড়দের আগ্রহ ও রোমাঞ্চ বেশি। কারণ এশিয়ান গেমস নিয়মিত হয় না, দীর্ঘ বিরতির পর আসে। তাই এমন একটি আসরে খেলার সুযোগকে বিশেষভাবে দেখছেন তারা।

এবারই প্রথম এশিয়ান গেমসে খেলতে যাচ্ছেন লিটন। জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার পাশাপাশি এ ধরনের বড় আন্তর্জাতিক আসরে অংশ নেওয়াকে নিজের জন্যও বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।

লিটনের ভাষায়, সব সময় ট্রফি জেতার সুযোগ আসে, তবে এশিয়ান গেমসে জিতলে হাতে ওঠে স্বর্ণপদক। সেটিই এখন দলের খেলোয়াড়দের বড় স্বপ্ন। এ কারণে পুরো দলই টুর্নামেন্ট নিয়ে রোমাঞ্চিত।

এশিয়ান গেমসে যাওয়ার আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। লিটনের মতে, সেই ম্যাচ দুটির মাধ্যমে দলের প্রস্তুতি ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন সেই প্রস্তুতিকে কাজে লাগিয়ে ফাইনালে ওঠা এবং শেষ পর্যন্ত ফাইনাল জেতাই তাদের লক্ষ্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ