৩৬৯ রানের লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
সিলেট টেস্টের শেষ দিনে বাংলাদেশের সামনে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করায় ম্যাচ জিততে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান। পঞ্চম দিনের বাকি সময়টুকুতে এই রান তাড়া করতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
সোমবার (৯ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে ক্যারিবীয়রা। সকালের প্রথম ঘণ্টাতেই ইনিংস ঘোষণা করে সফরকারীরা। দিনের শুরুতে বাংৃলাদেশের বোলারদের আক্রমণে দ্রুত তিনটি উইকেট হারায় তারা।
আগের দিন ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজ এদিন ব্যক্তিগত সংগ্রহে মাত্র দুই রান যোগ করতে পেরেছেন। ১৪২ রানে নাঈম হাসানের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে শামার জোসেফকে মাত্র ১ রানে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেটটি তুলে নেন নাঈম।
এর আগে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে শক্ত ভিত গড়ে দেন দুই ওপেনার জশুয়া ডি সিলভা ও ব্র্যান্ডন কিং। উদ্বোধনী জুটিতে দুজনের সংগ্রহ ছিল ৮৫ রান। তাইজুল ইসলামের বলে ৩৬ রান করা ডি সিলভা আউট হলে ভাঙে এই জুটি। পরে ৬১ রান করা ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।
এরপর বাংলাদেশের বোলারদের জন্য কঠিন পরীক্ষা হয়ে ওঠেন কাভেম হজ ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম। তৃতীয় উইকেটে দুজনের ১৬৫ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়। উইকহ্যাম ১০৭ বলে ৭৮ রান করে তাইজুল ইসলামের শিকার হলে ভাঙে এই জুটি। হজের ব্যাট থেকে আসে ১৯৪ বলে ১৪২ রানের দুর্দান্ত ইনিংস।
ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য এগিয়ে ছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে তাওহীদ হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে ৩৮৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ২৪২ রানে অপরাজিত থেকে টেস্ট ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দেন হৃদয়। এতে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পায় বাংলাদেশ।
ফলে দুই ইনিংস মিলিয়ে ৩৬৮ রানের ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৬৯ রান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড ২১৫ রান, ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সেই কীর্তি গড়েছিল দলটি। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারলে সিলেটেই নতুন ইতিহাস রচনা করবে টাইগাররা।
মতামত দিন