টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়ল টাইগাররা
নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ। এবার কিউইদেরকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে তিন ফরম্যাটে ইতিহাস গড়ল শান্ত বাহিনী। এর আগে গত বছর(২০২২) নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের পর চলতি সফরে ওয়ানডেতেও জয় পায় টাইগাররা।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠিত এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে কিউইদের শুরুটা ভালো হয়নি। কারণ বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড। এ অবস্থায় বাংলাদেশের বোলারদের উপর আগ্রাসী হন নিশাম ও অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে ১৫তম ওভারে আক্রমণে এসে বাংলাদেশকে আবারও উইকেট উপহার দেন শরিফুল। সৌম্যর দারুন ক্যাচে বিদায় ঘটে ২টি চারে ২২ বলে ২৩ রান করা স্যান্টনারের। নিশাম-স্যান্টনার ৩১ বলে ৪১ রান যোগ করেন ।
স্যান্টনার ফেরার পর ১৬তম ওভারে রিশাদের বলে ১টি করে চার-ছক্কায় ১১ রান তুলে দলীয় সংগ্রহ ১০০-তে নেন নিশাম। পরের ওভারে মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় ডেলিভারিতে ছক্কা মারার পরের বলে সাজঘরে ফিরেন নিশাম। ৪টি চার ও ৩টি ছক্কায় ২৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন নিশাম।
দলীয় ১১০ রানে নিশাম ফেরার পর শেষ দিকে এডাম মিলনের ২টি ছক্কায় ১২ বলে অপরাজিত ১৬ ও টিম সাউদির ৮ রানের উপর ভর করে লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করে কিউইরা। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে এটিই সর্বনিম্ন রান নিউজিল্যান্ডের।
নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৩৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। কারণ ৬৭ রানের মধ্যে ৩টি উইকেট হারিয়ে বসে টাইগাররা। আউট হওয়ার আগে অধিনায়ক শান্ত ১৯, রনি তালুকদার ১০ ও সৌম্য সরকার ২২ রান করেন। তবে টিকে থাকেন ওপেনিংয়ে নামা লিটন দাস। আর তাকে সঙ্গ দিয়ে যান মিডল অর্ডারে নামা ব্যাটাররা। যার ফলে ৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন ওপেনার লিটন দাস। শেষ মুহূর্তে ১৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে