Views Bangladesh Logo

১০ বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে গত ১০ বছরে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ১৯টি বৃদ্ধি পেয়েছে। বন বিভাগের সর্বশেষ ক্যামেরা ট্র্যাপিং জরিপ অনুযায়ী, ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪টি। ২০১৪ সালের জরিপে এই সংখ্যা ছিল ১০৬টি।

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় একটি র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে সাংবাদিকদের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘এই প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে সংরক্ষণবিষয়ক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।’

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সুন্দরবনে ১২৪টি বাঘ রয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রায় ১৫টি এবং দেশের বিভিন্ন চিড়িয়াখানায় আরও প্রায় ৫০টি বাঘ রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা যদি এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করি এবং মানুষকে সচেতন করতে না পারি, তাহলে ভবিষ্যতে এ প্রজাতি আরও সংকটের মুখে পড়বে।’

তিনি বলেন, ‘বাঘ আমাদের জাতীয় সম্পদ। এ প্রাণী সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাঘ সম্পর্কে জানতে পারে এবং এর সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে।’

বাঘ গণনায় বরাদ্দকৃত বাজেট এবং এ-সংক্রান্ত স্বচ্ছতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বাঘ গণনার বিষয়টি বন বিভাগের আওতাধীন, এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বাধীন নয়। তবে বন বিভাগ তাদের নিজস্ব প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গেই এ কার্যক্রম পরিচালনা করে থাকে।’

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহীনুর আলম, চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. হাবিবুর রহমান এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদসহ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ