Views Bangladesh Logo

জোয়ারে লন্ডভন্ড সেন্টমার্টিন, ক্ষতিগ্রস্ত ১১ হোটেল-রিসোর্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে উত্তাল রয়েছে সাগর। অস্বাভাবিক উচ্চতার ঢেউয়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পর্যটন দ্বীপ সেন্টমার্টিন। গত দুই দিনে দ্বীপটির উপকূলঘেঁষা অন্তত ১১টি হোটেল ও রিসোর্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেন্টমার্টিনের জনপ্রতিনিধি ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রবল ঢেউয়ের তাণ্ডবে পাকা স্থাপনাসহ বহু অবকাঠামো ভেঙে পড়েছে, উপড়ে গেছে গাছপালা। দ্বীপের অনেক অংশ জোয়ারের লবণাক্ত পানিতে প্লাবিত হয়েছে।

ক্ষতির শিকার হোটেল-রিসোর্টগুলোর মধ্যে রয়েছে: হোটেল অবকাশ পর্যটন, নোনাজল বিচ রিসোর্ট, আটলান্টিক রিসোর্ট, বিচ ক্যাম্প রিসোর্ট, নীল হাওয়া বিচ রিসোর্ট, শান্তি নিকেতন বিচ রিসোর্ট, মেরিন বিচ রিসোর্ট, পাখি বাবা রিসোর্ট, সি-ভিউ রিসোর্ট, ড্রিমার্স প্যারাডাইস রিসোর্ট এবং সানডে বিচ রিসোর্ট।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ফুট বেড়েছিল। এতে শতাধিক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বহু গাছপালা ভেঙে পড়েছে। দ্বীপবাসী এমন ভয়াবহতা আগে কখনো দেখেনি।

উত্তর সেন্টমার্টিনের বাসিন্দা ওসমান বলেন, সমুদ্রসৈকত সংলগ্ন বেশিরভাগ হোটেলই পানিতে তলিয়ে গেছে। পানি নামার পর ক্ষয়ক্ষতির পুরো চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এত বড় ভাঙন কখনো দেখিনি।

আরেক বাসিন্দা আব্দুল মালেক বলেন, গত দুই দিনের জোয়ারে পুরো সেন্টমার্টিন দ্বীপজুড়ে তাণ্ডব চলেছে। এখনই টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হলে দ্বীপটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান বলেন, সেন্টমার্টিনে জোয়ারের আঘাতে বেশ কয়েকটি হোটেলের ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ