Views Bangladesh Logo

জোয়ারে বিচ্ছিন্ন নিঝুমদ্বীপ, হাসপাতালে নিতে না পারায় প্রসূতি ও গর্ভের সন্তানের মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে অস্বাভাবিক জোয়ারে পথঘাট প্লাবিত হয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি এক অন্তঃসত্ত্বা নারীকে। এতে ঘরেই প্রসূতি ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নিঝুমদ্বীপের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার (৩০) ওই গ্রামের মো. হকের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য কেফায়েত হোসেন জানান, অস্বাভাবিক জোয়ারের পানিতে ইসলামপুর গ্রামের বিভিন্ন সড়ক ও পথঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় সকালে নাজমা আক্তারের প্রসববেদনা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি।

স্বজনদের ভাষ্য, চিকিৎসা না পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক জটিলতায় নাজমা আক্তার মারা যান। তার গর্ভের সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি।

নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলী আক্তার বলেন, নাজমার আগের দুটি সন্তান রয়েছে। তৃতীয় সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল তার। কিন্তু চারদিকে জোয়ারের পানি থাকায় ঘরেই প্রসূতি ও তার অনাগত সন্তানের মৃত্যু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ