নিম্নচাপের প্রভাবে ১৫ জেলায় জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা
অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে উপকূলীয় ১৫টি জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৫ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
এই নিম্নচাপ বর্তমানে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা বন্দর থেকে ১৩০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এলাকায় বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
প্রভাবিত হওয়ার শঙ্কায় থাকা জেলাগুলো হলো: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার।
এসব জেলার নিচু অঞ্চল ও চরাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে