আট মাস আগেই বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট বিক্রি শুরু
দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের মে মাসে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। এরই মধ্যে ম্যাচটির টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
লর্ডস ক্রিকেট গ্রাউন্ড বুধবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শকদের টিকিট ব্যালট উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সমর্থকেরা ‘হোম অব ক্রিকেটে’ অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিট পাওয়ার সুযোগ পাবেন।
আগামী ২৬ অক্টোবর পর্যন্ত সাধারণ দর্শকদের ব্যালটের আবেদন করা যাবে। নভেম্বরের শুরুতে সফল আবেদনকারীদের প্রথম ধাপের তালিকাভুক্তদের ই-মেইলে জানানো হবে। প্রথম ধাপে নির্বাচিত দর্শকদের টিকিট কেনার জন্য ১৭ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে। এরপর ১০ ডিসেম্বর থেকে সাধারণ বিক্রি শুরু করবে লর্ডস।
২০২৭ সালে লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ছাড়াও পুরুষ ও নারী অ্যাশেজের ম্যাচ অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার একটি ওয়ানডেও হবে ঐতিহ্যবাহী এই মাঠে।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট হয়েছিল ২০১৬ সালে। সেবার বাংলাদেশে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। এর আগে ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১০ সালে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ফলে আগামী বছরের লর্ডস টেস্ট দিয়ে ইংল্যান্ডের মাটিতে ১৭ বছরের অপেক্ষা শেষ হবে বাংলাদেশের।
লর্ডসের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের একটি স্মরণীয় ইতিহাসও রয়েছে। ২০১০ সালে এই মাঠেই ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। টেস্টে তিন অঙ্ক ছোঁয়ার পর তাঁর উদযাপন ক্রিকেটপ্রেমীদের মনে এখনো উজ্জ্বল। কালের পরিক্রমায় তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। আগামী মে মাসে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজরা লর্ডসে খেলতে নামলে সেই স্মৃতি আবারও ফিরে আসতে পারে তাঁর মনে।
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে নয় বছর পর টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
মতামত দিন