Views Bangladesh Logo

‘টিআইবি মাঝেমাঝে রাজনৈতিক দলের মতো বিবৃতি দেয়’

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর মতো সিভিল সোসাইটি অর্গাইনাইজেশনের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু সংস্থাটি মাঝেমাঝে রাজনৈতিক দলের মতো বিবৃতি দেয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সম্প্রতি টিআইবির একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে গণমাধ্যমে 'আওয়ামী লীগের ৮৭ শতাংশ প্রার্থী কোটপতি' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়টি নিয়ে টিআইবি আবার ব্যাখ্যা দিলে তথ্যমন্ত্রী তার বিবৃতিতে বলেন, 'জনগণ টিআইবির কথায় বিভ্রান্ত হয়নি। আমার বিশ্লেষণে তারা ঠিক বুঝতে পেরেছে যে, "কোটপতি" শব্দটি এখন বিশেষ কোনো ভার বহন করে না।'

পদ্মা সেতুতে কল্পিত দুর্নীতি নিয়ে টিআইবির নানা বিবৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, 'বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করবে না বলে জানানোর পর টিআইবি বলেছিল-বিকল্প উৎস হতে পদ্মা সেতুর অর্থায়ন করতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা (দুর্নীতির অভিযোগ থেকে) দৃষ্টি সরানোর উপায় বলে মনে হতে পারে এবং যদি এই সিদ্ধান্ত সফলও হয় তাতেও সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে না।

এ ঘটনার কয়েক মাস আগে কানাডার ফেডারেল আদালতে প্রমাণ হয়, পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি। তার আগে এ নিয়ে দুর্নীতির অভিযোগ তোলে বিশ্বব্যাংক।

করোনা মহামারির সময়ও টিআইবি একের পর এক বিবৃতি দিয়েছে, যার অনেকগুলোই পরে ভ্রান্ত প্রমাণ হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, 'দুর্নীতির নানা কল্পিত চিত্রের পাশাপাশি টিআইবি বলেছিল, দেশের ৭ দশমিক ৮ ভাগ মানুষ অর্থাৎ প্রায় দেড় লাখ মানুষ না কি করোনায় বিনা চিকিৎসায় মারা গেছে। অথচ এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩০ হাজারেরও কম।'

পূর্বের উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, '২০১৫ সালে টিআইবি আমাদের মহান জাতীয় সংসদকে "পুতুল নাচের নাট্যশালা" বলেছিল। আর তারা পেট্রোলবোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যার বিরুদ্ধে কোনো বিবৃতি দেয় না। অথচ সিটি করপোরেশন নির্বাচনে কেউ কিল-ঘুষি খেলে বিবৃতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এগুলো রাজনৈতিক দলের মতো আচরণ।'

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্রকে সংহত করতে, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও সুশাসনের জন্য টিআইবির মতো প্রতিষ্ঠান প্রয়োজন রয়েছে। কিন্তু তাদের প্রতিবেদন-বিবৃতি যেন একপেশে তথ্য নির্ভর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয়, সেটিই প্রত্যাশা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ