Views Bangladesh Logo

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবি’র

বাংলাদেশ ব্যাংককে একটি স্বাধীন, নিরপেক্ষ এবং স্বার্থের সংঘাতমুক্ত প্রতিষ্ঠান হিসেবে কার্যকরী করার লক্ষ্যে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই দাবি তুলেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন তৈরি হয়েছে। সংশ্লিষ্ট খাতে পরীক্ষিত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন এবং সর্বোপরি গভর্নরের দায়িত্বের আওতাভুক্ত সকল বিষয়ে স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে ভূমিকা পালনে সক্ষম এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে।

গত ২৫ ফেব্রুয়ারি, অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। তবে, নতুন গভর্নরের ব্যবসায়িক পরিচয়ের সঙ্গে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিয়ে অনেকেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন তুলেছেন।

এ সময়, টিআইবির নির্বাহী পরিচালক বলেন, গভর্নর নিয়োগের ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্ব এড়ানোর জন্য উপযুক্ত ব্যক্তি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে সরকার বিরোধী বা সাফল্যের পরিপন্থী শক্তি যেন ক্রমশ শক্তিশালী হয়ে উঠতে না পারে, সেজন্য সরকারকে সুচিন্তিত কৌশল অবলম্বন করতে হবে। তিনি বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামত রূপরেখা, নির্বাচনী ইশতেহার এবং ‘জুলাই সনদ’-এর ওপর ভিত্তি করে একটি সমন্বিত কৌশল প্রণয়নের পরামর্শ দেন।

তিনি আরও বলেন, সরকারের দুর্নীতিবিরোধী নির্বাচনী অবস্থান বাস্তবায়নে বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এছাড়া, তিনি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, আমলাতন্ত্র ও ব্যবসায়ীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা প্রদর্শন ও শুদ্ধতা চর্চা নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে টিআইবি পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ বাতিল করার প্রস্তাব দিয়েছে এবং ডিজিএফআই, এসবি, ডিবি ও এনএসআই সংস্কারের উদ্যোগ নেওয়া, পাশাপাশি র‍্যাব বিলুপ্তির প্রস্তাবও করেছে।

এ সময়, টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ