৬ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় ও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিসহ সাময়িক দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর ও ঢাকা বিভাগের এক-দুই জায়গায় বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রঝড় হতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সারাদেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে