ঢাকায় বজ্রবৃষ্টি, ৭ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। কোথাও কোথাও সাময়িকভাবে মেঘলা আকাশের পাশাপাশি দমকা হাওয়াও বয়ে যেতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত জারি করা হয়নি। ফলে এ সময় নদীবন্দরগুলোকে কোনো সংকেত প্রদর্শন করতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
অন্যদিকে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে।
মতামত দিন