Views Bangladesh Logo

সাগরে লঘুচাপ, ঢাকাসহ ১৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

 VB  Desk

ভিবি ডেস্ক

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের ১৮টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট — সব বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

কালবৈশাখির সতর্কবার্তায় বলা হয়েছে, আজ দুপুর দেড়টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের ১৮টি জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ঝড়বৃষ্টির এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ