দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের ৬ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
বুধবার (২৫ মার্চ) সকালে দেওয়া সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে সাময়িকভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার সামগ্রিক চিত্রে দেখা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় রয়েছে।
এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে